
মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার এক শ্বাসরুদ্ধকার অভিযানে পুলিশের ওপর হামলার মূলহোতা কুখ্যাত সন্ত্রাসী শাকিলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী আরিফ হোসেনকেও আটক করা হয় এবং অভিযান থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি লোহার কিরিচ।
গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছত্রছায়ায় একটি মিছিল বের হয়। খবর পেয়ে রাত ১১টা ৫০ মিনিটে ওসি বন্দর থানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। ধারালো কিরিচ দিয়ে শাকিল বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে মাথা, গলা, হাত ও পেটে গুরুতর জখম করে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়।
তদন্তে বেরিয়ে আসে, হামলার পর শাকিল কন্টেইনারবাহী গাড়িতে করে ঢাকা পালানোর চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ভোর ৩টা ৫ মিনিটে ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ টিম পতেঙ্গা থানাধীন সী-বিচ আউটার রিং রোডে অভিযান চালিয়ে কন্টেইনারবাহী গাড়ি থেকে শাকিলকে গ্রেফতার করে। পরবর্তীতে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী ঈশান মিস্ত্রিরহাট খালপাড়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তার সহযোগী আরিফ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় লোহার কিরিচ এবং একই স্থানের কোণে লুকানো অবস্থায় পাওয়া যায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও ঢাকার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি ও চুরিসহ অন্তত ৯টি মামলা রয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযানে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৩৩ জন আসামি গ্রেফতার হয়েছে। কুখ্যাত সন্ত্রাসী শাকিলের গ্রেফতারের মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরেছে এবং সাধারণ মানুষ পুলিশের এ সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।