
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোংলায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষীরা অংশ নেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার ও নদীকর্মী মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নদীকে দূষণমুক্ত রাখা ও পানির স্বাস্থ্য ঠিক রাখা নদীর জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এতে যেমন মানুষের জন্য সুস্থ পরিবেশ তৈরি হবে, তেমনি মাছের আবাসস্থলও নিরাপদ থাকবে।
সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সমর সরদার, দ্বিতীয় নূরনবী ব্যাপারী এবং তৃতীয় হন পিটার নাথ। প্রতিযোগিতায় মোট ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।