
মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর সুমন মোল্লা (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার কাউড়ি খোলা কামঠানা বেড়িবাঁধ এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সুমন পায়ে হেঁটে লাহুরিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এবং এরপর আর বাড়ি ফেরেনি। নিখোঁজের খবর পেয়ে শুক্রবার তার মা শামেলা বেগম লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১০৫৭) করেন।
রোববার বিকেলে স্থানীয় বেলায়েত তার হারানো পাটের জাগ খুঁজতে গিয়ে খালে সুমনের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।