1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়ার পিরোলী বিলে দুই দশক পর আউস-আমনের বাম্পার ফলন, ২০০ কৃষকের মুখে আনন্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

দীর্ঘ ২০ বছর পর নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকার ১২৫ একর জমিতে আবারও বোনা আউস ও আমন ধানের সোনালি হাসি। লবণাক্ত পানির প্রবেশ ঠেকাতে স্থানীয়দের উদ্যোগে এ মৌসুমে ব্যাপক ফলন হওয়ায় দুই শতাধিক কৃষকের ঘরে ঘরে এখন আনন্দের জোয়ার।

স্থানীয় কৃষক ইসরাইল শেখ জানান, পাঁচ একর জমিতে ধান চাষ করে তিনি অত্যন্ত সন্তুষ্ট। আফজাল শেখ, কিবরিয়া মোল্যা, সুরত মোল্যা, খাজা জোয়ারদার ও বাইজিদ শেখও কয়েক একর জমিতে আমন ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন। তাঁদের ভাষায়, লবণাক্ত পানির কারণে দীর্ঘ দুই দশক ধরে এ অঞ্চলের জমি অনাবাদী পড়ে ছিল।

আতাই মজুদখালী ও ভৈরব নদী থেকে লোনা পানি প্রবেশের কারণে শুধু পিরোলী নয়, যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি বিল, আমতলা বিল এবং শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর, ইছামতি বিলেও আউস-আমন ধান চাষ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল।

এই অবস্থার পরিবর্তন আনেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় বাসিন্দা গোলাম মোর্শেদ শেখ। তিনি কৃষকদের সচেতন করে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন। পরে ইউএনও রাশেদুজ্জামান ও তৎকালীন কৃষি কর্মকর্তা ইভা মল্লিক গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেন। পিরোলী বাজারের পাশে চিত্রা নদীর মোহনায় স্লুইসগেট বন্ধ করে দেওয়া হয়।

অভয়নগরের সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ও শুভরাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল হকও সহযোগিতা করেন। তাঁদের প্রচেষ্টায় তিনটি স্লুইসগেট বন্ধ হওয়ায় লোনা পানির প্রবেশ রোধ করা সম্ভব হয়। কৃষকেরা জানান, এ প্রচেষ্টা সফল হয়েছে মূলত স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে।

গ্রামের কৃষক অনিল সেন, মিঠুন সরদার, অতুল বিশ্বাস, পঙ্কজ অধিকারী, নাজমুল শেখ, মুসাদ শেখ, মামুন শেখ, বিরু খান, আক্কাস ফকির, হাজী মোফাজ্জল শেখ, শহীদ শেখ, সাখাওয়াত শেখসহ অনেকে বলেন, মাইকিং করে কৃষকদের ধান চাষে উদ্বুদ্ধ করা হয়েছিল। ফলে হারানো ঐতিহ্য ফিরে এসেছে।

৮০ বছরের প্রবীণ কৃষক আব্দুল হান্নান শেখ, আব্বাস শেখ, গোলাম মোস্তফা মোল্যা ও মেইলজার শেখ বলেন, তাঁদের পূর্বপুরুষেরা এই বিলে ধান চাষ করতেন। কিন্তু এক শ্রেণির জেলেদের প্রভাবে দীর্ঘদিন স্লুইসগেট খোলা থাকায় লোনা পানি ঢুকে জমির উর্বরতা নষ্ট হয়েছিল। এবারে সাংবাদিক, উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় চাষ সম্ভব হয়েছে। ধানের পাশাপাশি খড় এবং দেশি মাছও পাওয়া যাচ্ছে প্রচুর।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, “কৃষকদের দাবির ভিত্তিতে প্রশাসন, কৃষি ও মৎস্য অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগে লোনা পানির প্রবেশ বন্ধ করা হয়। এর ফলে কৃষকেরা আবার আউস ও আমন ধান চাষে সফল হয়েছেন। আমরা এতে আনন্দিত।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park