
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামনগরে ছেলের হাতে মা ও বোন হত্যার ঘটনায় আদালত অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত-৪ এর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলাল হোসেন এ আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন রামনগরের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৬৫) এবং তার মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩২)।
স্থানীয়রা জানান, খবর পেয়ে প্রথমে তারা লুৎফা বেগমের ছেলে শাহিন আলম (৪২) কে আটক করেন। পরে বিষয়টি তার বড় মেয়ে শারমিন সুলতানাকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আটক শাহিনকে হেফাজতে নেয়।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত শাহিন আলম পেশায় দোকানদার। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী লাকীকেও আটক করা হয়েছে।
নিহত লুৎফা বেগমের বড় মেয়ে শিউলি আক্তার থানায় দায়ের করা মামলায় তার ভাই শাহিন আলম ও ভাবি লাকীকে আসামি করেছেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার বাবা নেই। মা ও ছোট বোন ভাইয়ের সঙ্গেই থাকতেন। সম্পত্তির লোভে ভাই শাহিন ও তার স্ত্রী লাকী মিলে আমার মা ও বোনকে হত্যা করেছে। আমি ন্যায়ের বিচারের দাবি জানাচ্ছি।”
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মোহাম্মদ খাঁজু মিয়া আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড শুনানির তারিখ পরবর্তী সময়ে নির্ধারণ করেন এবং আপাতত স্বামী-স্ত্রী দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।