
তেরখাদা প্রতিনিধি:
তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা’র বদলির কারণে বিদায় উপলক্ষে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান থেকে তাকে সংবর্ধনা প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সাহেলা সুলতানা প্রায় দশ বছর তেরখাদা উপজেলায় কর্মরত ছিলেন এবং এ সময়ে উপজেলার মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে উপজেলায় শিক্ষকেরা পাঠদানে উৎসাহিত হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। সাহেলা সুলতানার মধ্যে ছিলো কঠিনতা ও কোমলতা, বিচক্ষণতা, সততা, সাহসিকতা এবং আন্তরিকতা—যা তাকে তেরখাদার সরকারি কর্মকর্তাদের মধ্যে অনন্য করে তুলেছে।
তিনি সকাল ৯টার আগে অফিসে উপস্থিত হতেন এবং রাত পর্যন্ত দায়িত্ব পালন করতেন। তার দায়িত্বপূর্ণ ও নিষ্ঠাবান কর্মপদ্ধতি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রামে সুদৃঢ় ছাপ রেখেছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা ১৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে তেরখাদায় যোগদান করেন এবং ৩১ আগস্ট ২০২৫ তারিখ তার শেষ কর্মদিবস ছিল। দীর্ঘ দশ বছর তেরখাদা উপজেলা বাসীকে সেবা প্রদান করেছেন।
তার বিদায়ের প্রেক্ষিতে তৎকালীন সরকারি নর্থ খুলনা কলেজ, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলো থেকে তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সূত্রে জানা গেছে, সাহেলা সুলতানা নিজ উদ্যোগে তেরখাদা থেকে খুলনা সদর বদলি হয়েছেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিতরা তার আন্তরিকতা, কঠোর পরিশ্রম এবং শিক্ষার উন্নয়নে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেছেন।