
কুয়েট প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গঠিত হলো “সাংবাদিক সমিতি”। ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. বি. এম. ইকরামুল হক ৮ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিকদের বহুদিনের দাবি পূর্ণ হলো।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম হোসেন।
কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি তানভীর আহমেদ (সিএসই ২০), সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ (ইইই ২১) এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুবাবা তাসনীম (এমটিই ২০)। এছাড়া অর্থ সম্পাদক হয়েছেন মো. নাজমুল ইসলাম (এলই ২২), দপ্তর সম্পাদক শাকিবুল হাসান (ইএসই ২২)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাজিদুল ইসলাম (এমএসই ২২), তাইফুর রহমান ভূঁইয়া (ইইই ২২) এবং নোশিন ফারজানা রিফা (ইইই ২২)।
সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২ সেপ্টেম্বর, আর ৩ সেপ্টেম্বর এটি বিশ্ববিদ্যালয়ের ২৪তম ক্লাব হিসেবে নথিভুক্ত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা ও সংবাদমাধ্যমের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ তৈরি করবে এ সমিতি।