
আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত “নীলডুমুর প্রিমিয়ার লীগ সিজন–১”। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ডের তৃতীয় খেলা, যেখানে বনবিভাগ ১–০ গোলে মৎস্য ব্যবসায়ী ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ থানার এসআই মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবিয়ার রহমান, জিএম দেদারুল আলম, আমজাদ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল হুদা মালী, সাংবাদিক ফয়সাল আহমেদসহ প্রেসক্লাবের তরুণ সদস্যরা।
খেলার মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। খেলোয়াড়দের প্রাণচাঞ্চল্য আর দর্শকদের উচ্ছ্বাসে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই লীগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
আয়োজকদের মতে, নীলডুমুর প্রিমিয়ার লীগ শুধু ক্রীড়াঙ্গনেই নয়, সামাজিক উন্নয়নেও তরুণদের অনুপ্রাণিত করবে। আগামী কয়েক সপ্তাহব্যাপী এ লীগে একাধিক স্থানীয় দল প্রতিদ্বন্দ্বিতা করবে।