
এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
খুলনার দিঘলিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব মো. রফিকুল আলম।
উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের আয়োজনে এ লটারির মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নির্বাচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, ডিলারশিপ প্রত্যাশী প্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হওয়ায় কেউ বঞ্চিত হবে না এবং কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগও থাকবে না। সরকারের এ উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ডিলারদের নাম ঘোষণা করা হয়। নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।