
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ১১টি বিদ্যালয়কে সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করে তা উদযাপন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এবং সমন্বিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ আয়োজন সম্পন্ন হয়।
সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষিত বিদ্যালয়গুলো হলো:
শ্রীফলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসমত ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিপুলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোনাবেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বসুক মাধ্যমিক বিদ্যালয়, গাজীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এবং গিলাতলা হাজি আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়গুলোকে সমন্বিত সবুজ বিদ্যালয়ে রূপান্তর করতে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে “সবুজ বিদ্যালয় বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়েছে। তাদেরকে বিশেষ ওরিয়েন্টেশনের মাধ্যমে কাজের পরিকল্পনা এবং বাস্তবায়ন পদ্ধতি জানানো হয়েছে। এছাড়া, বিদ্যালয়ের সার্বিক অবস্থা মূল্যায়ন ও সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কমিটি সদস্যরা দায়িত্ব ভাগ করে নিয়মিত কার্যক্রমের ফলোআপ রাখবেন এবং ফলাফল পর্যবেক্ষণ করবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, হেলথ ও নিউট্রিশন স্পেশালিষ্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিষ্ট সৈয়দ ইস্তিয়াক, প্রেসক্লাব রামপালের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমান, নিপা সরকার ও শিউলি কস্তা প্রমুখ।
সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা শুধু একটি কর্মসূচি নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থান করে নিয়েছে।