
টুংগীপাড়া প্রতিনিধি: জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৮ নং চর কুশলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তারের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগে লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও স্থানীয় জনগণ। অভিযোগপত্র উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষা অফিসারের কাছে প্রদান করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষিকা যোগদানের পর থেকে নিয়মিতভাবে স্লিপের টাকা, রুটিন মেইনটেনেন্স, প্রাক-প্রাথমিক কার্যক্রম, কন্টিনজেন্সি খাত এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দে অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তারের বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থল—গিমাডাঙ্গা মুন্সিরচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে—ও অনুরূপ অভিযোগ ছিল।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার বলেন, “আমি কোন অনিয়ম করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন।”
টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার ও শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দাখিলের পর এলাকাবাসী দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার এটিও মনিরুজ্জামান বলেন, “অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, প্রশাসন যথাযথ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে যাতে প্রাথমিক শিক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষা পায়।