
নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা ও মহানগর সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনভর একাধিক চাঞ্চল্যকর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। ছিনতাই, অজ্ঞান পার্টির কবলে মৃত্যু, রহস্যজনক মৃত্যু, ভাসমান মরদেহ উদ্ধার থেকে শুরু করে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার—সব মিলিয়ে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় চরম উদ্বেগ দেখা দিয়েছে।
নগরীর চানমারী এলাকায় ছিনতাইকারীর গুলিতে মুন্না নামের এক যুবক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিরোধ করায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গল্লামারীতে অজ্ঞান পার্টির বিষাক্ত খাদ্যে অসুস্থ এক নারী কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা গেছেন।
রূপসা উপজেলায় তনুমা ঘোরামী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন উঠলেও এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে, বটিয়াঘাটার নদী থেকে এক অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডুমুরিয়ার সাহাপুর এলাকায় মোটরসাইকেল কিনতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে এক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
এ ছাড়া, ফুলতলার আলোচিত সাদিক গাজী হত্যা মামলার একাধিক আসামিকে র্যাব গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, এ গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।