
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গোলার ঘাট থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র সরকারি সড়কটি দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে। সড়কটির বড় অংশ ধসে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিঘলিয়ার বার্মাশীল খেয়াঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘলিয়ার বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সাদ্দাম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর কাদের জনি, সদস্য সচিব মুহাম্মদ আলী টুটুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন সভাপতি এস এম শামীম, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ আজাদ, সেনহাটি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নবী, আনেয়ার, রায়হান শেখ ও রিদয়সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের এক সদস্য, সাংবাদিক ও সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফরমাইশখানা গোলার ঘাট থেকে উপজেলা সদরে যাওয়ার এ সড়কই এলাকাবাসীর একমাত্র ভরসা। কিন্তু সজীবনগর উন্মুক্ত পাঠাগারের সামনে সড়কটি ধসে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে এই সড়কে দুটি প্রাইভেট কাভার্ড ভ্যান দুর্ঘটনায় পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপরও সংস্কার না হওয়ায় পথচারী, শিক্ষার্থী ও যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বলেন, “এটি আমাদের প্রাণের দাবি। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।” এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে নদীর ঢলে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দিঘলিয়াবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের বরাদ্দ দিতে হবে এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে। নইলে এ ভাঙা সড়ক তাদের চলাচলকে চরমভাবে বাধাগ্রস্ত করবে এবং গ্রামীণ অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে।