
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, “প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আজ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগের সময় মানুষের ভোগান্তির শেষ থাকে না। বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবণ একটি দেশ। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। যত বেশি প্রস্তুতি নেওয়া যাবে, ততই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস এবং জেজেএস-এর প্রতিনিধি আব্দুল বাকী। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এর আগে সকালে নগরীর শহিদ পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় নিরাপদে আশ্রয় নেওয়ার কৌশল প্রদর্শন করে একটি মহড়া অনুষ্ঠিত হয়।