
১৯৭১ সালের পরাজিত শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে—এমন অভিযোগ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ওই গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে, যাতে জাতিকে বিভ্রান্ত করে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়।”
রবিবার বিকেলে নগরীর ময়লাপোতা মোড়স্থ সন্ধ্যা বাজারের সামনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট মনা বলেন, “যারা একাত্তরে পরাজিত হয়েছিল, তারাই এখন ভিন্ন মুখোশ পরে গণতন্ত্র ও শান্তির শত্রুতে পরিণত হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই—বাংলাদেশের উন্নয়নযাত্রা ও আন্তর্জাতিক অগ্রগতি থামিয়ে দেওয়া।” তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি চক্র কথিত ‘পিআর পদ্ধতি’র নামে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যাতে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায়।
তিনি সতর্ক করে বলেন, “ভুয়া তথ্য, গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এটি মূলত ৭১-এর পরাজিত শক্তির নতুন রূপ।” তিনি জনগণকে আহ্বান জানান, “গুজবে বিভ্রান্ত না হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে সৎ ও শান্তিপূর্ণ নির্বাচনই এখন সময়ের দাবি।”
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আবু সাঈদ, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফছার উদ্দিন মাস্টার, মাহাবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, নুরুল আলম দিপু, এডভোকেট মশিউর রহমান নান্নু, এ কে এম শহিদুল আলম, মিশকাত হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, আশরাফুল ইসলাম নূরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।