
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার তেরখাদা উপজেলায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার শেখপুরা মধ্যপাড়ার জামের মসজিদের পাশে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোক ও ক্ষোভের ছায়া।
স্থানীয়রা জানান, ভোরে মসজিদের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয় তাঁদের। পরে বস্তাটি খুলে তাঁরা নবজাতকটির নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ নবজাতকটিকে সেখানে ফেলে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত না হলে মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, একটি নিরপরাধ নবজাতককে এভাবে ফেলে যাওয়া ঘৃণ্য ও মানবতাবিরোধী কাজ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান এলাকাবাসী।