
খুলনা শহরে ছদ্মবেশে বাসা দেখতে গিয়ে অস্ত্র ঠেকিয়ে নারীকে বেঁধে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামালের অংশবিশেষ ও ব্যবহৃত সরঞ্জাম।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানা সূত্রে জানা যায়, মামলার বাদী চয়ন কুমার মণ্ডল (৩৬) ফেসবুকে ভাড়া দেওয়ার জন্য বাসার বিজ্ঞাপন দেন। গত ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাসা দেখতে এসে তাঁর স্ত্রীকে পানি খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে। এরপর তারা পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে বাদীর স্ত্রীকে মুখে টেপ ও ওড়না বেঁধে বেঁধে ফেলে। পরে তারা ঘর থেকে ৬২ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের দুল এবং দুইটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ১ নভেম্বর ভোরে সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গ্লাক্সো মোড় এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়— আরিফ হাসান রাসেল (২৯), মারিয়া আক্তার মুন্নি (১৯) এবং কলি পান্ডে (৪৫)।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি পিস্তল সদৃশ কালো রঙের লাইটার, তিনটি মোবাইল ফোন, দুই হাজার টাকা, একটি নীল রঙের ক্যাপ, দুই জোড়া স্যান্ডেল ও একটি নীল পোশাক উদ্ধার করা হয়। কেএমপি জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে খুলনা সদর থানায় ডাকাতির মামলা (নম্বর–০১, তারিখ ১ নভেম্বর ২০২৫) দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন।