
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) বেলা ১২টায় রামপাল সদর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় বক্তারা বলেন, একাত্তর-পরবর্তী সময় থেকে বিএনপি এই দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার রাজনীতি করে আসছে। অন্যায়, দুর্নীতি বা সুবিধাবাদী রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। তারা বলেন, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারাই এখন ক্ষমতার লোভে ‘হ্যাঁ-না ভোট’ দাবিতে মুখর হচ্ছে। যাদের ভোট নেই, তারা এখন হ্যাঁ-না ভোটের নামে নিজেদের দুর্বলতা প্রকাশ করছে।
বক্তারা আরও বলেন, হাসিনা বিরোধী আন্দোলনে যাদের দেখা যায়নি, তারাই এখন নিজেদের বিপ্লবী দল বলে মিথ্যাচার করছে। দেশের জনগণ এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন। রাজনীতিতে আবেগ নয়, জনগণের আস্থা ও যোগ্যতার ভিত্তিতে ভোটের যোগ্যতা অর্জন করতে হয়।
বক্তারা বলেন, রামপাল, মোংলা ও ফকিরহাটের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুর ইসলাম। তিনিই জনগণের প্রকৃত নেতা এবং আগামী সংসদ নির্বাচনে তিনিই গণমানুষের আশার প্রতীক। বক্তারা তাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, সাবেক সহ-সভাপতি তায়েব নূর, আব্দুল্লাহ আল আজমি, ফারুক আহমেদ, কাজী আজিয়ার রহমান, শাহজালাল গাজী, হুমায়ুন কবির হিমু, মোল্লা ফারুক হোসেন টিটু, আবু সুফিয়ান টুটুল, হাওলাদার আবু রাজিন, হাসান আলী বাবু, ইমরান শেখ, হাসান শেখ, নাজমুল শেখ, লিটন লস্কর, মো. গাউস উদ্দিন, শেখ সোলাইমান, শেখ শরিফুল ইসলাম, শেখ আবুল বাশার, শেখ ইসমাইল হোসেন, গোলাম ফকির, সাবিনা বেগম, মো. রবিউল ইসলাম ও ইয়াসিন আরাফাত প্রমুখ। মিছিল ও পথসভায় রামপাল উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।