
স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ায় নিয়মিত মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার লক্ষীপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার (৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এসআই (নিঃ) তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বের হন। নিয়মিত মামলার পলাতক আসামি, মাদক উদ্ধার এবং মুলতবি পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে লোহাগড়া থানার মামলা নং-১২, তারিখ ১৬ অক্টোবর ২০২৫–এর ১০ নম্বর এজাহারভুক্ত আসামি মো. আব্দুল্লা সরদার (৫৫)–কে গ্রেপ্তার করা হয়। তিনি পার মল্লিকপুর গ্রামের মৃত আমির হোসেন সরদারের ছেলে এবং লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের শেখ হাবিবুর রহমানের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
এসআই তারক বিশ্বাস বলেন, “রাত ১টা ১০ মিনিটের দিকে আব্দুল্লা সরদারকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।”