
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম থেকে সাথী বড়ুয়া নামে এক সিনিয়র নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত সাথী বড়ুয়া ২০১৬ সাল থেকে হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন। তিনি ছয় দিনের ছুটি নিয়েছিলেন, তবে মাসের শেষ তিনদিনের জন্য নাইট ডিউটি করার নির্দেশনা দেওয়া হয়। অসুস্থতার কারণে শুক্রবার ভোরে তাকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাথী বড়ুয়া হাসপাতালের জরুরি বিভাগের ১৬ নম্বর রুমের নার্সেস চেঞ্জিং রুমে বিশ্রামের সময় জানালার সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়নাদন্তের জন্য হাসপাতালের হাসপাতালে রাখার নির্দেশ দেন।
পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।