
পটুয়াখালী প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখা।
রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। মানববন্ধন শেষে কৃষি মন্ত্রণালয়ের সচিবের বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রণোদনা বিতরণের সময় উপজেলা কৃষি অফিসে অন্তত তিনজন সশস্ত্র আনসার মোতায়েনের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক এইচ এম শামীম, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. এখলাছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।