
নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ ইনভাইট পিস স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক উৎসব, পুরস্কার বিতরণী ও প্যারেন্টিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশনা, প্রতিযোগিতা ও অভিভাবক–শিক্ষক সংলাপে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনভাইট পিস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমান। এছাড়া বিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক ও এমসি সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নানান সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা তাদের মনন গঠন, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস বিকাশে বিশেষ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে উৎকৃষ্ট পরিবেশনার স্বীকৃতি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।