
শাহাদাত কামাল শাকিল কুমিল্লা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই নারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোসাঃ কামরুন্নাহার (কামু), বয়স ৩৫ বছর, এবং মোসাঃ সরস্বতী, বয়স ৪৪ বছর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় কামরুন্নাহার ও সরস্বতী—দুজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও সংরক্ষণের কার্যক্রম চলছিল। সেই তথ্যের ভিত্তিতে অভিযানে যায় দলটি। অভিযানের সময় মাদক সেবন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় দুই নারীকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক, সদর দক্ষিণ মডেল থানার এসআই জনি কান্তি দে এবং এএসআই রুবেল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মাদক নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।” স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অত্যন্ত প্রয়োজনীয়। এ ধরনের অভিযান আরও জোরদার করা উচিত।”