
বরুণ কান্তি মন্ডল, খুলনা
খুলনার বটিয়াঘাটা গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি চিন্ময় রায়কে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে বাড়ি ফেরার পথে তিনি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৮টার দিকে চিন্ময় রায় ও তাঁর সহযাত্রী শিশির মন্ডল সুকদাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির পাশে চায়ের দোকানের কাছে পৌঁছালে রনজিত তরফদার ও তার সহযোগী বিশ্ব তরফদার, উৎপল, পলাশ, রবীন্দ্রনাথসহ কয়েকজন হামলা চালায়। তারা হাতুড়ি, দা, ছুরি ও বাঁশের লাঠি নিয়ে চিন্ময়ের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
গুরুতর জখম অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা লাঠিপেটা ও কিল-ঘুষি চালায়। প্রচুর রক্তক্ষরণ শুরু হলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ স্থানে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাঁর ভাই পলাশসহ স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, ১২ ঘণ্টা না পার হলে তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, রনজিত তরফদার দীর্ঘদিন ধরেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে জমিদখলসহ নানা অপরাধে জড়িত। হামলার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
চিন্ময় রায় জানান, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।” স্থানীয়রা প্রশাসনের প্রতি নিরাপত্তা জোরদার ও দ্রুত বিচার কার্যক্রম শুরুর আবেদন জানিয়েছেন।