
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫ (রবিবার): আজ গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস)-এ আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সেনাবাহিনী প্রধানের আগমনের সময় তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অভ্যর্থনা জানান।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের সকল অধিনায়কগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় কোরের অবদানের প্রশংসা করেন। এছাড়া, নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সকল সদস্যদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।
অধিনায়ক সম্মেলনের আলোচনায় সেনাবাহিনী প্রধান আর্মি অর্ডন্যান্স কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, ওসিএন্ডএস; আর্মি অর্ডন্যান্স কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।