
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫: বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড) এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজের যৌথ উদ্যোগে ‘Maritime Domain Awareness in the Indian Ocean’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বিমরাডের প্রধান পৃষ্ঠপোষক এডমিরাল এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার, বিমরাডের চেয়ারম্যান ও মহাপরিচালক, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি কলেজের সিনিয়র রিসার্চ ফেলোসহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং আঞ্চলিক অংশীদার দেশের নীতিনির্ধারক, গবেষক, কূটনৈতিক ও সামুদ্রিক পেশাজীবীরা যোগ দেন।
এ বছরের প্রতিপাদ্য ছিল—“Maritime Domain Awareness in the Indian Ocean: Building Shared Understanding of the Maritime Space”। বক্তারা বলেন, মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস (এমডিএ) জাতীয় সামুদ্রিক স্বার্থ রক্ষা, তথ্যসমন্বয় সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সাগর শাসনকে আরও সুসংহত করতে অপরিহার্য। বিশেষ করে রিয়েল-টাইম সামুদ্রিক পরিস্থিতি মূল্যায়ন, আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং অবৈধ মৎস্য আহরণ, চোরাচালান, পাচার ও জলদস্যুতার মতো হুমকি মোকাবিলায় উন্নত এমডিএ সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরসহ পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলের বিশেষজ্ঞরা তথ্য ভাগাভাগি, ইনফরমেশন ফিউশন, পর্যবেক্ষণ প্রযুক্তি, বিশ্লেষণী পদ্ধতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করবেন। বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন।
অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠানগুলো সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞানভিত্তিক সক্ষমতা উন্নয়ন ও আঞ্চলিক সমন্বয় আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে। আয়োজকরা আশা করছেন, কর্মশালার মাধ্যমে সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা, অপারেশনাল প্রস্তুতি, সংকট ব্যবস্থাপনা, সম্পদ সুরক্ষা এবং সামুদ্রিক প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী হবে।