
এস.এম. শামীম
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং নৌ সদস্যদের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। শুক্রবার সকালে নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল দেশের সামরিক ইতিহাস, মুক্তিযুদ্ধের অবদান এবং আধুনিক নৌবাহিনীর পেশাদার অগ্রযাত্রার এক মর্যাদাপূর্ণ সম্মিলন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক প্রদান করা হয়।
এ বছর সংবর্ধনা পেয়েছেন নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত ২২ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীগণ। তাঁদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের পরিবার, পাঁচজন বীর উত্তম, আটজন বীর বিক্রম এবং আটজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৌ সদস্যদের শান্তিকালীন পদকপ্রাপ্তির তালিকায় রয়েছে—নৌবাহিনী পদক (এনবিপি) ৩ জন, অসামান্য সেবা পদক (ওএসপি) ৫ জন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) ৫ জন, নৌ গৌরব পদক (এনজিপি) ৭ জন, নৌ উৎকর্ষ পদক (এনইউপি) ১০ জন এবং নৌ পারদর্শিতা পদক (এনপিপি) ১০ জন।
অনুষ্ঠানে নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্য ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। নৌবাহিনী প্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা আমাদের শক্তি ও প্রেরণার উৎস, আর শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের কর্মদক্ষতা নৌবাহিনীকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করছে।