
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইল–১ আসনের রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছেন বিএনপি নেতা ও শিক্ষাবিদ অধ্যাপক বিএম নাগিব হোসেন। তিনি ফেসবুকে একটি আবেগঘন খোলা চিঠি প্রকাশ করেছেন, যেখানে তিনি নড়াইলের মানুষের ভালোবাসা, পরিবারের রাজনৈতিক ইতিহাস এবং দলের সিদ্ধান্ত নিয়ে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, রাজনীতি তাঁর কাছে কোনো ব্যক্তিগত সুবিধা অর্জনের পথ নয়; বরং নড়াইলবাসীর স্বপ্ন, সংগ্রাম ও ভবিষ্যতের প্রতি এক গভীর দায়বদ্ধতা। নড়াইল–১–এর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, মানুষের ভালোবাসাই তাঁর রাজনৈতিক পথচলার আসল শক্তি।
তিনি স্মরণ করেন তাঁর বড় ভাই, প্রখ্যাত শ্রমিক নেতা বিএম বাকির হোসেনকে। উল্লেখ করেন, নড়াইলবাসীর অধিকার ও উন্নয়নের জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া এই নেতার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের দায়িত্বই এখন জনগণ তাঁর ওপর অর্পণ করেছে।
অধ্যাপক নাগিব বলেন, তাঁদের পরিবার অর্ধশতাব্দী ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। সেই ধারাবাহিকতায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে কাজ করছেন। নড়াইল–১ আসনের মানুষ তাঁকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চায়—এটিকে তিনি নিজের জীবনের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।
তবে দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি সমর্থকদের আশ্বস্ত করেন, দলের ঘোষণা যাই হোক না কেন, তিনি নড়াইলবাসীর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী পথচলা নির্ধারণ করবেন। তাঁর ভাষায়, তিনি জনগণেরই মানুষ এবং জনগণের সঙ্গেই থাকবেন—যে সিদ্ধান্তই আসুক না কেন।
ফেসবুকে প্রকাশিত এই চিঠি নড়াইল–১ আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় মনোনয়ন, জনসমর্থন এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান—সবকিছুই এখন স্থানীয় রাজনীতিতে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।