
নিজস্ব প্রতিবেদক
খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের প্রধান ফটকের সামনে দিনের আলোয় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নতুন বাজার এলাকার হাসিব ও রূপসার বাগমারা এলাকার রাজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন রাজন ও হাসিব। হাজিরা শেষে মোটরসাইকেলে বের হয়ে যাওয়ার মুহূর্তে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত. ম. রোকনুজ্জামান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। হামলাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এলাকায় আতঙ্ক তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা উদ্ঘাটনে জোরালো তদন্ত চলছে।