
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) আহ্বায়ক আলী আহসান জুনায়েদের অনুমোদিত স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ সুমা খাতুন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এস এম রকিবুল ইসলাম। মোট ৩৪ সদস্যকে নিয়ে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
কমিটি ঘোষণার পর আহ্বায়ক মোছাঃ সুমা খাতুন বলেন, “উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি সবাইকে। আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করায় আপ বাংলাদেশকে ধন্যবাদ। ইনসাফ ও দায়িত্বশীলতার সঙ্গে কমিটির দায়িত্ব পালন করতে চাই। নড়াইল জেলাকে এগিয়ে নিতে দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। সকলের সহযোগিতা কামনা করি।”
সদস্য সচিব প্রকৌশলী এস এম রকিবুল ইসলাম বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সারাদেশের মানুষের চিন্তা করেই আমরা রাজনীতিতে এসেছি। দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়েই আমরা এগোতে চাই। নড়াইলের মানুষের প্রতি আহ্বান—সচেতন হোন, আপনাদের প্রাপ্য অধিকার বুঝে নিন। আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ।”
নয়টি ইউনিয়ন ও পৌরসভাসহ সমগ্র জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন কমিটি দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন নেতারা।