
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় এক বাক প্রতিবন্ধী পরিবারের জন্য মানবিক সহায়তার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রামপাল–মোংলা–ফকিরহাট (২) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রামপাল সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগা গ্রামে বাক প্রতিবন্ধী দিপালী শীল (৫১) ও তাঁর অসহায় পরিবারকে তিনি একটি নতুন, নিরাপদ ও বসবাসযোগ্য ঘর নির্মাণ করে দিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী এই সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। দিপালী শীলের স্বামী অধীর শীল দুই বছর আগে মৃত্যুবরণ করেন। তাঁদের দুই মেয়েই—রূপালী শীল (২০) ও সোনালী শীল (১৭)—বাক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, প্রতিবন্ধকতা ও নিরাপদ আশ্রয়ের অভাবে পরিবারটি চরম দুর্ভোগে জীবনযাপন করছিল।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং ব্যক্তিগত উদ্যোগে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি বড় মেয়ে রূপালী শীলের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি একটি সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মানবিক সহায়তা প্রদানকালে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য—এটাই আমার রাজনীতির নীতি। এই পরিবারের অবর্ণনীয় কষ্ট দেখে আর দূরে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমার সামর্থ্যের মধ্যে তাদের জন্য কিছু করতে পেরে আমি ধন্য। আমি রামপাল–মোংলার অসহায় মেহনতী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশই হলো মানুষের সেবা করা। সেই নীতিতে আমরা মাঠে নেমে কাজ করছি। নতুন ঘর পেয়ে দিপালী শীলের পরিবার নিরাপদ ঘর পাবে, আর রূপালী নিজের আয়মুখী কাজ করে পরিবারকে এগিয়ে নিতে পারবে—এটাই আমাদের সন্তুষ্টি।”
ঘর হস্তান্তর অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, যুবদলের সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওজিউর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ। তাঁদের উপস্থিতি ও সহযোগিতায় ঘর হস্তান্তর অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “দিপালী শীলের মতো একটি অসহায় পরিবার বহু বছর ধরে সাহায্যের অপেক্ষায় ছিল। আজ তাদের চোখের হাসি দেখেই বোঝা যাচ্ছে—এটাই প্রকৃত মানবসেবা।”
রামপালে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতার ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ—এটি এলাকায় ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
NGS/MMH