
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে খুলনা ইউনিটের উদ্যোগে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা সরকারের ওপর নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করার দায়িত্ব পালনের আহ্বান জানান।
বক্তারা বলেন, অতীতের বিচারবহির্ভূত হত্যা, গুম এবং হেফাজতে নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয়নি। প্রশাসনের অকার্যকরতার কারণে নিরাপরাধ মানুষ কারাগারে আটক রয়েছেন। কারাগারে চিকিৎসার অভাবে মৃত্যুর ঘটনা এবং বিভিন্ন ধরনের নির্যাতন এখনও চলমান। নারীদের ওপর হয়রানি, রাজনৈতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমহ্রাসের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসূচিতে অধিকার খুলনা ইউনিটের ফোকাল পার্সন মুহাম্মদ নূরুজ্জামান সভাপতিত্ব করেন। মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক জিয়াউস সাদাত দিবস উপলক্ষে সংগঠনের বিবৃতি পাঠ করেন।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশারাফ-উজ-জামান, জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধূরী সোহেল, খেলাফত মজলিসের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মমিনুল ইসলাম, দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান আবুল হাসান হিমালয়, জাতীয় মানবাধিক ইউনিটের খুলনা মহানগর সভাপতি শেখ আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির খুলনা মহানগরীর সংগঠক মুশফিকার শামস মিনান, খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি শেখ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি র্যালী প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নগরীর পিকস্যার প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়।