
নিজস্ব প্রতিবেদক খুলনা
বাংলাদেশে নারী, কন্যাশিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে খুলনায় একটি অ্যাডভোকেসি ও সচেতনতামূলক ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। “নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণ” শীর্ষক এই ডায়লগ ব্র্যাক লার্নিং সেন্টারের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ডায়লগে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, ব্র্যাক খুলনা জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় ব্যানার্জিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। নারী, কিশোরী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বন্ধে আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি বলেও তারা মত দেন।
আলোচনায় আরও উল্লেখ করা হয়, ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা, ভুক্তভোগীদের মনোসামাজিক সহায়তা এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এসব উদ্যোগের ফলে বহু নারী ও কিশোরী সহিংসতা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের অ্যাডভোকেসি ও সচেতনতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিজ নিজ অবস্থান থেকে লিঙ্গ সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।