
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যার পর উপজেলার চাঁদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন হরিণাকুন্ডু থানার উপপরিদর্শক (এসআই) মো. আল ইমরান।
এ সময় উপস্থিত দোকানদারদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সংক্ষিপ্ত সচেতনতামূলক আলোচনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব দিলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
এছাড়া অভিযান শেষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ্যে অবৈধ পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের এসব সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
NGS/MMH