
নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন এবং এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলিমপুর গ্রামে খবির গ্রুপ ও ইসরাফিল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে ইসরাফিল গ্রুপের মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা মৃত শাহজান শেখ, আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত পুলিশকে খবর দেন।
কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে খুলনা সদর হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, আহতের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছিল। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দুই গ্রুপের মধ্যে পূর্বশত্রুতার কারণে ছোটখাটো বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল, যা অবশেষে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে নিয়মিত পাহারা জোরদার করা হবে।