
নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ড দ্য হ্যাক’ শীর্ষক ইনট্রা ইউনিভার্সিটি বিজনেস কেস কম্পিটিশন ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বে আটটি দল উদ্ভাবনী ও কৌশলনির্ভর ব্যবসায়িক সমাধান উপস্থাপন করে। বাস্তবধর্মী কেস বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলো তাদের বিশ্লেষণী সক্ষমতা, নেতৃত্বগুণ এবং পেশাগত প্রস্তুতির পরিচয় দেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘ডুইং ইট ফর দ্য প্লট’ দল। রানারআপ নির্বাচিত হয় ‘টিম এজেডই’, আর ‘বিএডি আরওআই’ দল ইমার্জিং টিম হিসেবে পুরস্কৃত হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন থেকেই ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিতে হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বহুমুখী দক্ষতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের পেশাগত অবস্থান জানতে একটি ট্রেসার স্টাডি সম্পন্ন হয়েছে, যা শিগগিরই প্রকাশিত হবে। এর মাধ্যমে অ্যালামনাইদের সক্ষমতা ও কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে এ ধরনের আয়োজনকে তিনি সময়োপযোগী উল্লেখ করে আয়োজক খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব-কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রতিযোগিতার বিচারক প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, প্রতিযোগিতাই দক্ষতার পার্থক্য স্পষ্ট করে। বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাই ব্যবসায় সফলতার মূল চাবিকাঠি।
এ ছাড়া বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, প্রতিযোগিতার বিচারক সিটি ব্যাংকের খুলনা শাখার এরিয়া ম্যানেজার হিমাদ্রি শেখর হোর এবং ন্যাশনাল কেস কম্পিটিশনের চ্যাম্পিয়ন মোঃ আকিবুর রাহাত জিম। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দেন প্রেসিডেন্ট আহমেদ আল ফয়সাল ও সেক্রেটারি রাহুল ঘোষ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ডেপুটি পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি নাঈমা শিরিন দীপ্তি ও সদস্য তৌফিকুর সরকার ভূবন। এ সময় অংশগ্রহণকারী দলের সদস্য, ক্যারিয়ার ক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।