
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান (সি-সেকশন) কার্যক্রম চালুর পর প্রথমবারের মতো জমজ সন্তানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বেলাব উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২০) গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি হন। তাঁর সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ সাহা।
ডা. দেবাশীষ সাহা জানান, সরকারি হাসপাতালে সি-সেকশন চালুর পর এটিই প্রথম জমজ সন্তানের সিজারিয়ান। অস্ত্রোপচার সফল হয়েছে এবং মা ও দুই নবজাতকই সুস্থ রয়েছেন। ইতোমধ্যে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন বলেন, “আমাদের হাসপাতালে এই প্রথম জমজ সন্তানের জন্ম হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও দলগত কাজের ফলেই এটি সম্ভব হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন সফল সেবা ভবিষ্যতে এলাকাবাসীর চিকিৎসা গ্রহণে আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।