
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিরব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ১০টার দিকে সদর উপজেলার পৌর এলাকার তাজ ফিলিং স্টেশন–এ এ ঘটনা ঘটে।
নিহত নিরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের কাছে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নিরব ও তাঁর এক সঙ্গী মোটরসাইকেলে পেট্রোল বা অকটেন নিতে তাজ ফিলিং স্টেশনে যান। এ সময় পাম্পকর্মীরা মোটরসাইকেলে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তারা সেখান থেকে ফিরে আসার সময় দেখতে পান, অন্য একজনকে পাঁচ লিটারের বোতলে তেল দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে পাম্পকর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পাম্পকর্মীদের লাঠির আঘাতে নিরব গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিরবের পালক পিতা আবুল কাশেম বলেন, মোটরসাইকেলে পেট্রোল না দিয়ে অন্যদের বোতলে পেট্রোল দেওয়ায় প্রতিবাদ করায় পাম্পকর্মীরা নিরবকে মারধর করে।
এ বিষয়ে ‘দ্যা রেড জুলাই’ সংগঠনের যুগ্ম সদস্য সচিব আবু হাসনাত তানাইম বলেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় তাদের এক সহযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুমন বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, পেট্রোল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে নিরবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।