
কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার বড়কালিয়া গ্রামের উত্তরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বের বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির সোহেল মোল্লা গ্রুপ ও আব্দুর রহিম গ্রুপের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সোহেল মোল্লা (৪৮), পিতা মোতালেব মোল্লা, গ্রাম বাহিরডাঙ্গা, থানা কালিয়া, জেলা নড়াইল—দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
খবর পেয়ে কালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
NGS/MMH