
শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইল, ১৪ মার্চ ২০২৬: নড়াইলের কালিয়া থানার পুলিশ ঈদ আনন্দ ও আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী। পুলিশের অভিযান শেষে জি.আর. ও সি.আর. মামলার মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সাকায়েত, মন্টু মিয়া, শাহিদ আলী, ইনামুল হক রিয়াদ ও শেখ শামীম। পুলিশ জানিয়েছে, অভিযান গভীর রাতে সম্পন্ন হয় এবং সকাল ১১টায় নড়াইল জেলা আদালতে আসামিদের বিচারের জন্য প্রেরণ করা হয়।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, “ঈদকে ঘিরে এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা না থাকলে পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়। তাই আমরা জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
স্থানীয়রা জানান, পুলিশি অভিযান ও গ্রেফতারের পর এলাকায় শান্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষাপটে পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যথাযথভাবে নেওয়া হবে।
কালিয়া থানার পক্ষ থেকে বলা হয়েছে, ঈদে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য থানা পুলিশ ও স্থানীয় ফোর্স টহল দিচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।