
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সোমবার (১৬ মার্চ) সকালে বিনামূল্যে পাট, তিল ও মুগ বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল–২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদের সদস্য মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা জানান, উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের মোট ১,৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে দেওয়া হয়েছে—১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার; এবং ৫ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
প্রশাসন ও কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলন ও উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান থাকবে।
NGS/MMH