
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজার সংলগ্ন ১ নম্বর আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের খুঁটি দুর্বল হয়ে পড়েছে, টিনের চালায় মরিচা ধরে ফুটো সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ঢুকে বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ন প্রকল্পের এসব ঘরে বসবাসরত পরিবারগুলো বছরের পর বছর ঝুঁকিপূর্ণ পরিবেশে জীবনযাপন করছে। সামান্য বৃষ্টি হলেই টিনের চালার ফুটো দিয়ে পানি ঢুকে ঘরের ভেতর ভিজে যায়। ফলে পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে শিশুদের নিয়ে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, ভাঙা টিনের চালা সাময়িকভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও ঝড়-বৃষ্টিতে তা টিকছে না। অনেকেই ইট চাপা দিয়ে পলিথিন আটকে রাখলেও প্রবল বাতাসে তা ছিঁড়ে গিয়ে ঘরে পানি ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
আশ্রয়ন প্রকল্পের স্থানীয় সভাপতি বলেন, প্রধান সমস্যা হলো টিনের চালা মরিচা ধরে ফুটো হয়ে যাওয়া। এছাড়া প্রকল্পের টয়লেটগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং বিশুদ্ধ পানির কোনো স্থায়ী ব্যবস্থা নেই। ফলে বাসিন্দারা নানামুখী সংকটে রয়েছেন।
তিনি আরও জানান, পূর্বে সাবেক সংসদ সদস্যের কাছেও বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে। সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ঘরগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু না হলে আসন্ন বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে। ফলে মানবিক দিক বিবেচনায় জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
NGS/MMH