
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে সিলিন্ডার গ্যাস ও ডিজেল বিক্রিতে অনিয়মের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলার পাটগাতি পৌরসভা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে পাটগাতীর চোরঙ্গী এলাকায় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী আরেকটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬সহ বিভিন্ন আইনে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
NGS/MMH