
শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি:
কালিয়া উপজেলার পেড়লী পুলিশ ক্যাম্পের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার শীতলা বাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পেড়লী পুলিশ ক্যাম্পের এসআই মোমরেজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে শীতলা বাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে সাগর গাজী (৪০)-কে তার নিজ বসতবাড়ি থেকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
স্থানীয়দের দাবি, সাগর গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তিনি কোনো এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, আটককৃতকে ইয়াবাসহ থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কালিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। সমাজকে এই ভয়াল নেশার হাত থেকে রক্ষা করতে এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে বাঁচাতে সকল শ্রেণির মানুষকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।