
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি, জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া ২ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী। তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এবং শ্রমিকের ঝুড়িতে মাটি তুলে দিয়ে কাজের সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় সরকারের এ উদ্যোগ জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম শেখসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইজিপিপি কর্মসূচির আওতায় খাল সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হয়ে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা কাজের স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন