
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে মহেশপুর থানা এলাকা থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মহেশপুর থানার সামান্তা গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে।
এসময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝখানে দুটি বস্তা দেখে সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তা খুলে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সবুজ হোসেন (৩৩), পিতা শফিকুল ইসলাম, সাং- যাদবপুর এবং মহাসিন আলী (৩২), পিতা হায়দার আলী, সাং- বেতবেড়ী। তারা উভয়েই মহেশপুর উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির আলোকে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।