
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলা এলাকায় ভূমি দখল, জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মধু রানী (রূপা) ও মঞ্জু রানী (রূপা) নামে দুই নারী।
সোমবার (২৫ মে) দুপুর ১২১০ মিনিটে খুলনা প্রেস ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধু রানী (রূপা)। তিনি অভিযোগ করেন, একই এলাকার কথিত ভূমিদস্যু সুরঞ্জন সুতার দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি, মামলাবাজি ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নিরীহ মানুষের জমি দখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৩ সালে খুলনার বটিয়াঘাটার ঠিকরাবাদ মৌজায় জমি ক্রয় করে সেখানে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু গত ৭ মে সকাল ১১টার দিকে সুরঞ্জন সুতার আদালতের একতরফা রায়ের কপি ও পুলিশ নিয়ে এসে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করেন।
তিনি বলেন, “আমি আমার বৈধ কাগজপত্র দেখালে পুলিশ উভয় পক্ষকে সমাধানের পরামর্শ দেয়। পরে জোরপূর্বক ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি লিখিত কাগজে স্বাক্ষর নেওয়া হয়, যেখানে ১৭ মে’র মধ্যে জায়গা ছাড়ার কথা উল্লেখ করা হয়।”
ভুক্তভোগীর দাবি, পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত স্থিতাবস্থা জারি করেন। কিন্তু এরপর থেকেই অভিযুক্ত পক্ষ তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, “আমার স্বামী একজন দরিদ্র শ্রমিক। আমার ১৪ মাস বয়সী যমজ সন্তান রয়েছে। এই ভিটেমাটি ছাড়া আমাদের মাথা গোঁজার আর কোনো ঠাঁই নেই। এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।”
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অভিযুক্ত সুরঞ্জন সুতার এলাকার বিভিন্ন মানুষের জমির কাগজ জালিয়াতির মাধ্যমে দখল করে প্লট আকারে বিক্রি করছেন। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
মধু রানী দাবি করেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও রোববারও তার বাড়িঘর ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।