
নড়াগাতী প্রতিনিধি
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খান মো. আতিকুর রহমান। মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৩৩ নম্বর পেয়ে সে জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
নড়াগাতী থানার ঐতিহ্যবাহী বাঐসোনা গ্রামের খান মো. শহিদুর রহমান (আজম খান) ও তুহিনা খাতুন দম্পতির সন্তান আতিকুর রহমান। তার এমন সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
আতিকুরের বড় বোন শ্রাবণী ইসলামও একই বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি ওই পরীক্ষায় ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১২২ নম্বর অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অধ্যয়নরত।
আতিকুর রহমানের কৃতিত্বপূর্ণ ফলাফলে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বোত্তম সাফল্য কামনা করা হয়েছে।
এমন সাফল্যের জন্য আতিকুরের গর্বিত মা-বাবা ও শিক্ষকমণ্ডলীকেও অভিনন্দন জানানো হয়েছে। মহান আল্লাহ আতিকুর রহমানের ভবিষ্যৎ জীবন সফল ও সুন্দর করুন এবং তাকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন—আমিন।