
কুয়েট প্রতিনিধি:
দীর্ঘ প্রায় নয় বছর পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চতুর্থ সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ সালের ১৪ জানুয়ারি সমাবর্তনের সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতিও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে চূড়ান্ত তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে কুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিষয়টি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিবেদনেও নিশ্চিত করা হয়েছে।
সাক্ষাৎকালে উপাচার্য কুয়েটের বর্তমান একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
কুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাক্ষাতে জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে উচ্চশিক্ষার সুযোগ রাজধানীকেন্দ্রিক না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় জনকল্যাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈবপ্রযুক্তি এবং সেমিকন্ডাক্টরসহ উদীয়মান প্রযুক্তি খাতে গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এআইয়ের নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছ ব্যবহার সম্পর্কে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে কুয়েটের চতুর্থ সমাবর্তন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। তিনি সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন এবং ১৪ জানুয়ারি ২০২৭ তারিখটি সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণের নির্দেশনা দেন। চূড়ান্ত তারিখ পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাবে। সাক্ষাৎকালে কুয়েটের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সংশ্লিষ্ট সচিবগণ ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের পর কুয়েটের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে। এরপর দ্বিতীয় সমাবর্তন ২০১২ সালে এবং তৃতীয় সমাবর্তন ২০১৮ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। ফলে দীর্ঘ বিরতির পর চতুর্থ সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণের খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গ্র্যাজুয়েটদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।