
কামরুন তানিয়া উখিয়া
কক্সবাজারের উখিয়ায় মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যাওয়া এক কন্যাশিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
শুক্রবার (২ অক্টোবর) শিশুটিকে কোটবাজারের পশ্চিম রত্না এলাকা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯ ও শিশু সহায়তা হটলাইন ১০৯৮-এ বিষয়টি জানানো হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিশুটি হেফাজখানায় পড়াশোনা করত। কয়েকজন কিশোর চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে মাদ্রাসা থেকে বাইরে নিয়ে যায়। পরে তারা শিশুটিকে পশ্চিম রত্না এলাকায় রেখে চলে যায় বলে অভিযোগ।
পরে স্থানীয়রা শিশুটিকে একা অবস্থায় দেখতে পেয়ে তার সঙ্গে কথা বলেন। শিশুটি জানায়, কয়েকজন পরিচিত ছেলে তাকে চকলেট দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে আসে। পথে তাদের আচরণ খারাপ হওয়া এবং তাকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ করে সে চিৎকার করলে তাকে সেখানে রেখে তারা চলে যায়। বাড়ির রাস্তা চিনতে না পারায় সে পথ হারিয়ে ফেলে।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ৯৯৯ ও ১০৯৮ নম্বরে ফোন করে জানান। পরে উখিয়া থানা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে। উপজেলা কর্মকর্তা পান্না আক্তার বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানান। এরপর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শিশুটিকে উদ্ধার করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসারের নির্দেশে তাঁর সহকর্মী মোহাম্মদ শাহেদ শিশুটির পরিবারের সন্ধানে কাজ শুরু করেন। পরে জানা যায়, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে রত্নাপালংয়ের খোন্দকার পাড়ায় অস্থায়ীভাবে বসবাস করছে। তাদের স্থায়ী ঠিকানা বরিশালের ভোলায়। শিশুটির বাবা কক্সবাজারে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হলে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং শিশুটিকে ফিরে পাওয়ার জন্য সহযোগিতা চান। পরে উখিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় মোহাম্মদ শাহেদ শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। এ ঘটনায় শিশুটির পরিবার উখিয়া থানায় এজাহার দায়ের করেছে।
শিশুটিকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় উখিয়া থানা, উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার।